খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক হয়েছেন সোহেল দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আশিকুর রহমান আশিককে।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসে।
এর আগে ২০২৫ সালের ১৫ মে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
নতুন কমিটিতে আনিসুল আলম অনিককে সিনিয়র সহ-সভাপতি, মুমিনুল ইসলামকে সিনিয়র যুগ্ম সম্পাদক, জাকির হোসেন জিকুকে প্রচার সম্পাদক এবং রফিক হোসেনকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আরিফুল ইসলাম জাহিদ বলেন, ‘‘খাগড়াছড়ি জেলা ছাত্রদলকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করবো। নতুন ও পুরাতন নেতাকর্মীদের সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল সক্রিয় ভূমিকা রাখবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









