সিরাজগঞ্জের তাড়াশে ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আপন দুই ভাই মো. জহুরুল ইসলাম (৩৯) ও তার ছোট ভাই জাহিদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়ামালি পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম তার দাদার রেখে যাওয়া সম্পত্তি দীর্ঘদিন ধরে ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি তার চাচাতো ভাই একই গ্রামের মো. আবু বকর সিদ্দিকের ছেলে মো. লিটন (৪৫) ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাতব্বরদের জানানো হলে তারা উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসার পরামর্শ দেন। তবে সব কিছু উপেক্ষা করে লিটন জমিতে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করার চেষ্টা করেন।
এ ব্যাপারে ভুক্তভোগী জহুরুল ইসলাম তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়।
পরে বিষয়টি আদালতে গড়ালে সংশ্লিষ্ট জমিতে ১৪৪ ধারা জারি করেন আদালত। কিন্ত আদালতের নির্দেশ উপেক্ষা করে পুনরায় নির্মাণকাজ শুরু করতে গেলে জহুরুল ইসলাম ও তার ভাই বাধা দেন। এ সময় অভিযুক্ত লিটন, আবু সাঈদ (৪০), গুলজার (৪২), গোল মাহমুদ (৩৮), বাঁধন (২০) ও রেজাসহ (৪৫) কয়েকজনকে সাথে নিয়ে জহুরুল ইসলাম ও তার ভাইয়ের উপরে হামলা করে। হামলায় জহুরুল ইসলামের মাথা ফেটে গুরুতর জখম হয় এবং তার ছোট ভাইও মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তারা সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, ‘‘সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









