সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল পরিচালক উমর রাশেদ মুনির।
হামলার ঘটনার পর থেকেই ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে রয়েছেন। তবে মিড লেভেলের ডাক্তারসহ সংশ্লিষ্টরা হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা শুরু হয়ে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কর্মবিরতিতে যাওয়ার পর দুপুর ১২টার দিকে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন হাসপাতালের পরিচালকসহ অন্যান্যরা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনার পর শিক্ষানবিশ চিকিৎসকরা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বৈঠক থেকে বের হয়ে বলেন, ‘আমরা বেশ কিছু দাবি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছি। কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ তুলে ধরা দাবিগুলো সমাধান হলে আমরা যে কোনো মুহূর্তে আবারও কাজে যোগ দেবো।’
এ বিষয়ে সিওমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল পরিচালক উমর রাশেদ মুনির বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আমরা ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছি। তদন্ত কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখছে এবং শিগগিরই সমস্যার স্থায়ী সমাধান হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









