পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’।
রবিবার (৩ মে) সকালে তেঁতুলিয়া প্রেস ক্লাব ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা’ প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম, আইসিটি অফিসার নবীউল করিম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, সোহরাব আলী, এম এ বাসেত, মোস্তাক আহম্মেদ, খাদেমুল ইসলাম ও এসকে দোয়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকগণ।
বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, স্থানীয় পর্যায়ে কোনো সাংবাদিক অবমূল্যায়ন, নির্যাতন বা হুমকির শিকার হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করতে হবে এবং সহকর্মীর পাশে দাঁড়াতে হবে।
এছাড়াও বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, নৈতিকতা ও মৌলিক নীতিমালা অনুসরণের ওপর জোর দেন। তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও উল্লেখ করেন, বিদ্যমান সাইবার ও ডিজিটাল নিরাপত্তা আইন অনেক ক্ষেত্রে সাংবাদিকদের মাঝে ভীতির সৃষ্টি করছে, যা স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে। এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শেষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









