বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘কিশোরগঞ্জের সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ মে) দুপুরে জেলা শহরের শহীদি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার মোড়ে এসে শেষ হয়।
মিছিলকারীরা ঘোষিত কমিটিকে সিন্ডিকেট কমিটি ঘোষণা করে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে স্লোগান দেন।
পরে গৌরাঙ্গ বাজার মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে পরীক্ষিত, নির্যাতিত ও ত্যাগী নেতৃবৃন্দকে বাদ দিয়ে শরীফুল আলমের পকেট কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
উল্লেখ্য গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার ২১ দিন পর ৪ জুন হঠাৎ করে সেই কমিটি বাতিল করা হয়। এরপর থেকে গত ১১ মাস কমিটি শূন্য থাকার পর দুদিন আগে গত ২ মে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









