রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ক্ষমতায় এলে কোটি যুবকের কর্মসংস্থান দেবে বিএনপি: টুকু

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম

ক্ষমতায় এলে কোটি যুবকের কর্মসংস্থান দেবে বিএনপি: টুকু

সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি ক্ষমতায় এলে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষিত যুবকরা কর্মসংস্থান না পেলে ১ বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে। টাঙ্গাইলে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক হলেও বেকারত্ব একটি বড় সমস্যা। 

তিনি আরো বলেন, দেশের জন্য কাজ করতে হলে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করতে হবে। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে বিএনপি প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। কারণ একটি শক্ত ভিত্তির ওপরই একটি শক্ত ভবন দাঁড়ায়। প্রাথমিক শিক্ষা মজবুত হলে উচ্চশিক্ষাও স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হবে। সে কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে।

বিএনপির এই নেতা বলেন, আমরা চাই টাঙ্গাইলের সন্তানরাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুক। টাঙ্গাইলের মানুষই হোক দেশের চালিকাশক্তি। সেই লক্ষ্যেই টাঙ্গাইলকে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। যাতে করে নাগরিকদের নিরাপত্তা নিয়ে কাউকে উদ্বিগ্ন হতে না হয়।

টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে টুকু বলেন, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত টাঙ্গাইল চাই। ঢাকার পাশের জেলা হওয়া সত্ত্বেও টাঙ্গাইল যে উন্নয়ন পাওয়ার কথা ছিল, তা পায়নি। একসময় টাঙ্গাইল শিক্ষা নগরী ও ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ছিল, সেই ঐতিহ্য পুনরুদ্ধার করা হবে।

তিনি জানান, ইতোমধ্যে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন তিনি। ভবিষ্যতে ৫০ লাখ গাছ রোপণের মাধ্যমে টাঙ্গাইলকে ‘গ্রিন টাঙ্গাইল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহসান। 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং রাফেল ড্র-এর পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু বিজয়ী ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.