ময়মনসিংহের ত্রিশালে দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও সড়ক দুর্ঘটনা রোধে, দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার ০৬ মে ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা গেছে, মহাসড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ফলে এসব অবৈধ স্থাপনা বুলডোজারের মাধ্যমে গুঁড়িয়ে দিয়ে সড়কটি দখলমুক্ত করা হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সচিব নওশীন আহমেদ ও ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহাম্মদ।
স্থানীয় বাসিন্দা জুলফিকার বলেন - কিছুদিন ভালো থাকবে পরে আবার আগের অবস্থায় চলে যায় তবে আশাকরি যেন স্থায়ীভাবে ভালো হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন - " সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনোভাবেই সড়ক দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না "।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









