সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে বৈদ্যুতিক সরঞ্জামসহ ট্রান্সফরমা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমাণ ট্রান্সফরমারের মালামাল ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার চড়িয়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়। পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করতে পারলেও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়ার গয়েশ্বর বেলাই এলাকার শফিকুল ইসলাম (৩২), সলঙ্গার চড়িয়া এলাকার নয়ন প্রাং (২৮), জুলহাস প্রাং (৩৪), কাওসার মৃধা (২৮), সাগর সরকার (২৬), রমজান শেখ (২৬), কামরুল ইসলাম (৪০) এবং পাবনার বেড়া উপজেলার আলমগীর (২২) ও মোস্তফা হোসেন (১৯)।
আসামিদের তথ্যের মতে, পুলিশ চড়িয়া কান্দিপাড়ায় এলাকায় একটি ভাঙারির দোকানে অভিযান চালায়। দোকানের মালিক নুরনবী ও শামীম পালিয়ে গেলেও ট্রান্সফরমাসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয় তার দোকান থেকে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম বলেন, ট্রান্সফরমার চুরি এটি সাধারণ মানুষের বিদ্যুৎ সেবা ব্যাহত করে ও ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি করে। এসপি স্যারের নির্দেশনায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









