নারায়ণগঞ্জ সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটওয়ারী। তবে নেতাকর্মীদের হট্টগোলে মসজিদ প্রাঙ্গণে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। তাদের হুড়োহুড়িতে মসজিদের কাঁচের দরজা ভেঙে জখম হয়েছেন অন্তত ৪-৫ জন মুসল্লি। এ ঘটনায় সাধারণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজে এ ঘটনা ঘটে।
এরআগে, বৃহস্পতিবার (৭ মে) জুমার নামাজ আদায়ের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দেন নাসিরউদ্দীন পাটওয়ারী। শুক্রবার তার আসার আগেই দলীয় নেতাকর্মীরা মসজিদে সমবেত হন। পরে মসজিদে উপস্থিত হয়ে নিচতলায় ইমামের খুতবার আগে মিম্বরের পাশে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন নাসিরউদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, “ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হওয়ায় গেরুয়া পতাকা বাংলাদেশের খুব কাছে চলে এসেছে। মুসলমানরা সতর্ক না থাকলে ও ঈমানী বক্তা না থাকলে এই পতাকা ঠেকানো যাবে না।”
নামাজ শেষে নাসিরউদ্দীন পাটওয়ারী মসজিদ থেকে বের হলে দলীয় নেতাকর্মীরা তাকে ঘিরে রাজনৈতিক স্লোগান দিতে থাকেন। শহীদ ওসমান হাদীর খুনীদের বিচারের দাবিও জানান তারা।
সেখানে আবারও হ্যান্ডমাইকে প্রায় ১০ মিনিট বক্তব্য দেন নাসিরউদ্দীন পাটওয়ারী। ফলে অধিকাংশ মুসল্লি সুন্নত ও নফল নামাজ আদায় করতে ব্যর্থ হন। নেতাকর্মীদের হুড়োহুড়িতে মসজিদের কাঁচের দরজা ভেঙে জখম হন অন্তত ৪-৫ জন মুসল্লি।
মসজিদে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মুসুল্লিরা। এতে নামাজের ব্যাঘাতসহ মসজিদের পবিত্রতা, আদব ও শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তাদের। ধর্মীয় ইবাদতের স্থান মসজিদকে রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে ব্যবহার করার অভিযোগও করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









