শিল্প, পাট বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি একতরফাভাবে পরিবর্তন করা সম্ভব নয়। তবে বাস্তবায়নের সময় দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা সামনে এলে চুক্তির বিধান অনুযায়ী তা সংশোধনের সুযোগ রয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “দুটি রাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো সহজে পরিবর্তন করা যায় না। রাষ্ট্রীয় চুক্তিতে উভয় পক্ষের স্বার্থ জড়িত থাকে। কিছু ধারা এক পক্ষের অনুকূলে যায়, কিছু অন্য পক্ষের।এভাবেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি হয়।”
মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, “জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সাময়িক হবে। আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে জ্বালানির মূল্য খুব বেশি বাড়েনি এবং এর প্রভাবও ‘ওয়ানটাইম স্পাইক’ হিসেবে সীমিত থাকবে। ডিজেলের দাম বৃদ্ধির কারণে পণ্যমূল্য অস্বাভাবিকভাবে বাড়ার কথা নয়। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে সরকার ব্যবস্থা নেবে।”
বন্দর ব্যবস্থাপনার দূর্বলতার কারণে পরিবহন ব্যয় বাড়ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে একজন ডেনিশ বিশেষজ্ঞকে দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দরের কার্যক্রম দ্রুততর হলে পণ্য পরিবহনের ইউনিট খরচ কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।”
সরকারি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, “ব্যবসা পরিচালনা সরকারের মূল কাজ নয়। অদক্ষতার কারণে অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান লোকসানে চলছে, যা জনগণের অর্থের অপচয় ঘটায়। এসব প্রতিষ্ঠান বেসরকারি বিনিয়োগকারীদের মাধ্যমে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কর্মসংস্থান ও রাজস্ব বৃদ্ধি পায়।”
এ সময় তিনি জানান, সিলেটের বাইশটিলায় জেলা পরিষদের ৪৩ একর জমিতে একটি আধুনিক ন্যাচারাল পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে ক্যাবল কার, রোপ ব্রিজসহ শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন বিনোদন সুবিধা থাকবে। প্রকল্পে সরকারি অর্থায়ন করা হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিং, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ অনেকে উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









