মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) দুপুরের দিকে উপজেলার চর তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের ও হাসপাতালে নেওয়ার পথে আরেক বন্ধুর মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলার তিল্লির চর এলাকার বিল্লালের ছেলে কালু মিয়া (১৮) ও তার বন্ধু একই এলাকার জাহাঙ্গীরের ছেলে মো. আলম মিয়া। গুরুতর আহত চালক সোনা মিয়াকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে একটি পাথরবাহী ট্রাক তিল্লির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে তিন কিশোর নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে চলে যায়। গুরুতর অবস্থায় আলম ও সোনা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, “নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









