শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাজিরহাটে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

প্রকাশিত: ০৮ মে ২০২৬, ০৮:২৮ পিএম

আপডেট: ০৮ মে ২০২৬, ০৮:২৮ পিএম

হাজিরহাটে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজিরহাট এলাকায় ভয়াবহ নদী ভাঙন পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় তিনি ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরুকরে দীর্ঘমেয়াদি টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দেন।

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের হাজিরহাট এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “হাজিরহাট এলাকার নদী ভাঙনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর আমাদের নজরে আসে। দেখা যায়, মসজিদের একেবারে পাশ ঘেঁষে নদী ভেঙে যাচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (ডিজি) ও সচিবের সঙ্গে আলোচনা করি। তাদের নির্দেশনায় দ্রুত মাঠ পর্যায়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজ থেকেই এখানে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “বর্ষা ও শুকনো মৌসুমে স্থায়ীভাবে নদী ভাঙন রোধে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে কাজ করছি।”

নদী ভাঙনের কারণ সম্পর্কে নুরুল হক নুর বলেন, “গলাচিপা ও দশমিনায় নদী ভাঙন একটি দীর্ঘদিনের সমস্যা। নদীর মাঝখানে চর জেগে ওঠায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয় নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করলে নদীর নাব্যতা ফিরবে এবং ভাঙন অনেকাংশে কমে আসবে।”

এরআগে, একই দিন বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প”এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন প্রতিমন্ত্রী নুরুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ৮০০ জন জেলের মাঝে জনপ্রতি দুই মাসের জন্য ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১৬ কেজি আলু এবং ১০ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান মোল্লাসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মি/দ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.