গাজীপুরের শ্রীপুর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে জিহাদ (৬) ও সুইটি (১৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে এসব হৃদয়বিদারক ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত জিহাদ উপজেলার নগর হাওলা গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। সে নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
অন্যদিকে, নিহত সুইটি ময়মনসিংহের উপজেলার সাখুয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। পরিবারটি দীর্ঘ ১১ বছর ধরে শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তার বাবা-মা স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। সুইটি বাক প্রতিবন্ধী ছিল বলে জানা গেছে।
স্থানীয় রফিক হোসেন বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় জিহাদ। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় তাকে খুঁজেও না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে পুকুরপাড়ে তার জুতা দেখতে পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালানো হয়। পরে উদ্ধার করে দ্রুত জৈনা বাজারের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই সময়ে দক্ষিণ ধনুয়া এলাকায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সুইটি। এ সময় তার সঙ্গে থাকা এক শিশুকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে সে নিজেই পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করলে দেখা যায়, ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বিশেষ করে স্কুলসংলগ্ন ও আবাসিক এলাকার পুকুরগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। অধিকাংশ জলাশয়ের চারপাশে কোনো নিরাপত্তা বেষ্টনী বা প্রাচীর না থাকায় শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ পুকুর ও জলাশয়গুলো দ্রুত নিরাপত্তা ব্যবস্থার আওতায় এনে চারপাশে বেড়া বা প্রাচীর নির্মাণ করা হোক। পাশাপাশি শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, শ্রীপুর উপজেলার পৃথক দুই এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে, এলাকা থেকে বিষয়টি নিয়ে থানায় কেউ অবগত করেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









