রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ বলে জানা গেছে।
শনিবার (৯ মে) ভোরে সাজেকের শুকনো ছড়া এলাকার ১০ নম্বর পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকে ওৎ পেতে থাকা একদল অজ্ঞাত সন্ত্রাসী 'হেগেরা চাকমা'কে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে সন্ত্রাসীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তবে এ ঘটনায় সংগঠনটির কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে।
এদিকে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি খাগড়াছড়ির পানছড়ি বাজারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য ও কালেক্টর ইমন হত্যাকাণ্ডের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
উল্লেখ্য, গত ৭ মে পানছড়ি বাজারে ইমনকে গুলি করে হত্যা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবেই প্রতিপক্ষ গ্রুপ এ হামলা চালিয়ে থাকতে পারে।
ঘটনাটি ঘিরে সাজেক ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









