দেশজুড়ে নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন সহিংসতা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে নারী উন্নয়নভিত্তিক বেসরকারি সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’।
শনিবার (৯ মে) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, সম্প্রতি নেত্রকোনায় ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা দেশবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে।
তারা আরও বলেন, ২০০৯ সালে মহামান্য হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন এবং অভিযোগ গ্রহণে পৃথক কমিটি গঠনের নির্দেশনা দিলেও দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তা এখনো কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে পর্যাপ্ত তদারকি ও সুরক্ষা ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে।
মানববন্ধন থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুত অভিযোগ কমিটি গঠন ও তার কার্যকর তদারকি নিশ্চিত করা, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন এবং আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হবে। একই সঙ্গে নেত্রকোনাসহ দেশব্যাপী সংঘটিত সকল যৌন সহিংসতার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে।
‘নন্দিতা সুরক্ষা’র পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









