নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৪টি মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে ক্যাডার সোহেলকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামি সোহেল ওরফে ক্যাডার সোহেল বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
শুক্রবার (৮ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরের আন্দিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-১১।
র্যাব আরও জানায়, সোহেল দীর্ঘদিন ধরে বন্দর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার নেতৃত্বে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে। বিভিন্ন নির্মাণকাজ, ব্যবসা প্রতিষ্ঠান ও নদীপথে চলাচলকারী পণ্যবাহী ট্রলার থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মদনপুর ও বন্দর এলাকায় মাদক ব্যবসার একটি নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগও রয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানাসহ নারায়ণগঞ্জের বন্দর থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









