ঢাকার ধামরাইয়ে গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোরবানির ঈদ উপলক্ষে পালন করা দুটি ষাঁড় পুড়ে মারা গেছে। এ ঘটনায় একটি গাভি জীবিত উদ্ধার করা হলেও কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (৯ মে) রাতে উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্নার গ্রামের বাসিন্দা রশিদ আলী গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন গোয়ালঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গোয়ালঘরে রান্নার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ শুকনা জ্বালানি সংরক্ষণ করা ছিল। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। আগুনে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত দুটি ষাঁড় পুড়ে মারা যায়। তবে একটি গাভি জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় দুই লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









