পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
রবিবার (১০ মে) বিকেলে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি।
জেলা পরিষদের প্রশাসক জানান, প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ১৭ জন ব্যবসায়ীকে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান দেওয়া হবে। পাশাপাশি নিজের ব্যক্তিগত ফান্ড থেকেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে আলমগীর হোসেন আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এই দুর্দিনে জেলা পরিষদ তাদের পাশে রয়েছে। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এই সহায়তা কিছুটা হলেও কাজে আসবে।”
এরআগে, শুক্রবার (৯ মে) দিবাগত গভীর রাতে শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদিখানা, মনোহারি, ফার্মেসি ও ডেকোরেটরসহ দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় এক কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে।
স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









