রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১ হাজার ৫০৩ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
রবিবার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২০৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৬ হাজার ৮১৯ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩৬৩ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৯২ জন। রাজশাহী বিভাগে ১৮৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন।
এছাড়া বরিশালে ১৭৬, খুলনায় ১০৭, সিলেটে ১২৪, রংপুর ২১ এবং ময়মনসিংহে ৬৩ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









