রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের পাকুয্যাছড়ি মধ্যছড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ উদ্ধার করেছে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা।
মঙ্গলবার (১০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস।
বিজিবি সূত্রে জানা যায়, অজ্ঞাত কিছু অসাধু কাঠ ব্যবসায়ী চোরাচালানের উদ্দেশ্যে পাকুয্যাছড়ি মধ্যছড়া এলাকার একটি বাগানের ভেতরে বিপুল পরিমাণ সেগুন কাঠ মজুদ করে রাখে। পরে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩৯ দশমিক ২০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালানের তৎপরতা বাড়িয়েছে। এ কারণে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









