কিশোরগঞ্জের নিকলীতে ধান শুকানোর সময় বজ্রপাতের আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (১০ মে) বিকেলে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি বড়বান হাওর এলাকায় এ মৃত্যর ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান (৬০) ডুবি গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
সিংপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলাউদ্দিন বলেন, সকাল থেকেই মতিউর রহমান ডুবি এলাকার বড়বান হাওরে খলায় ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। দুপুরেও অনেকের সঙ্গে তার কথা হয়েছে। বিকালে খলায় কাজ করার সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি এতে আক্রান্ত হন। পরে স্থানীয়রা তাকে খলায় পড়ে থাকতে দেখে উদ্ধার করলে তিনি মৃত বলে নিশ্চিত হন।
তিনি আরও জানান, নিহত মতিউর রহমানের মরদেহ বর্তমানে তার বাড়িতে রাখা হয়েছে। স্বজনেরা ঢাকা থেকে ফেরার পর জানাজা শেষে তাকে দাফন করা হবে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









