বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য কুমিল্লায় এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে পরিবেশ অধিদপ্তরের ‘এইচএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২)’ প্রকল্পের অধীনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। তিনি বলেন, কুমিল্লার পরিবেশগত সমস্যাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং পরিকল্পিত নগরায়নে পরিবেশ অধিদপ্তর সব ধরনের কারিগরি ও আইনি সহযোগিতা দেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুর বাশার ভূঁইয়া এবং কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাছানাত মোঃ মাহবুবুর রহমান।
কর্মশালায় বক্তারা ক্রমবর্ধমান এসি ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে তা কমানোর তাগিদ দেন। এছাড়া ভবন নির্মাণের ক্ষেত্রে আইন মান্য করা এবং যত্রতত্র খোলা ডাস্টবিন অপসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। কুমিল্লার বর্তমান বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে পরিবেশ সুরক্ষায় নিজেদের মতামত তুলে ধরেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









