পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুমকি উপজেলা যুবদলের দুই শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নেতাদের প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুই হলেন, দুমকি উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকাত হোসেন।
এছাড়া, ইতঃপূর্বে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ এই ন্যক্কারজনক ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে যুবদল কেন্দ্র।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। একইসাথে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পবিপ্রবিতে উপাচার্যবিরোধী এক অবস্থান কর্মসূচি চলাকালে বহিরাগতদের সাথে নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার অভিযোগ ওঠে রিপন শরীফসহ উল্লিখিত নেতাদের বিরুদ্ধে। এই হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ঘটনার প্রেক্ষাপটে দলের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় যুবদল দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণ করলো।
পবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় দুমকি উপজেলা যুবদলের দুই যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় যুবদল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









