হবিগঞ্জের বাহুবলে গৃহবধূর হত্যাকান্ডের রহস্যের জট খুলতে শুরু করেছে। তালতো ভাইকে ফাঁসাতে নিজের বোনের সতীনকে হত্যা করেছেন বলে অনেকটাই নিশ্চিত হয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্দেশ্য ছিল মারামারি মামলায় জেল খাটানোর প্রতিশোধ নেয়া এবং বোনকে সতীন থেকে নিরাপদ করা। এদিকে হত্যাকান্ডের পর থেকে মামলাটি পরিচালনাও করছিলেন তিনি। কিন্তু বিধিবাম। তদন্তে বেরিয়ে আসে প্রকৃত সত্য। এক পর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে। কিছুদিন কারাগারে থাকার পর তার পক্ষ নেন মামলার বাদি নিহত নাজমা আক্তারের মেয়ে নার্গিস আক্তার। তিনি আদালত থেকে জামিন করান সৎ মামা আব্দুল গনিকে।
মামলার বাদি নার্গিস আক্তার সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলেন তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। তিনি বলেন, মামলায় দেয়া আসামীদের পক্ষ নিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা। তিনি মামলার বাইরে গিয়ে আসামীদের গ্রেফতার করছেন।
অপরদিকে নিহতের ভাই মো. মনির মিয়া বলছেন, আব্দুল গনি তার বোনের সংসার থেকে সতীন সরিয়ে দিতেই আমার বোনকে হত্যা করেছেন। এখন সে আমার বোনের দেবর তোরাব আলীকে ফাঁসাতে চায়। কারণ তোরাব আলীকে সে বেশ কিছুদিন পূর্বে পিটিয়েছিল। তখন তোরাব আলী মামলা করলে সে জেল খাটে। এর প্রতিশোধ নিতে চায়। তিনি বলেন, আমার ভাগ্নি শুনেছি প্রেম করে আব্দুল গনির ছেলেকে বিয়ে করেছে। তাই সে এখন তার শ^শুরকে বাঁচাতে মামলায় নিরপরাধ লোকজনকে আসামী করতে চায়। এমনকি সে নিজের চাচার বিরুদ্ধেও অবস্থান নিয়েছে। আমি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মামলার বাদি পরিবর্তন করার জন্য আদালতে আবেদন করেছি। আদালত বলেছেন, বিচারের দায়িত্ব রাষ্ট্র নেবে। আমি যেন সব ধরণের সহযোগিতা করি। আমি আমার বোনের সঠিক বিচার চাই। কোন নিরপরাধ লোক যেন এতে ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, তোরাব আলী যদি শক্তিশালি হতো তবেতো মামলা না করে আব্দুল গনিকে মারতেই পারতো।
কাজিহাটা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, শুনেছি আসামী আব্দুল গনির ছেলের সাথে নিহত নাজমা আক্তারের মেয়ে নার্গিস আক্তারের বিয়ে হয়েছে। সে অনেক দিন ধরে এলাকায় থাকেওনা। স্বামীর সাথে ঢাকায় থাকে বলে শুনেছি। সেখানে কি করছে তাও জানিনা। তিনি বলেন, মেয়েটি এলাকার নিরিহ ব্যক্তি হিসেবে পরিচিত তার চাচা তোরাব আলী, সেলিম মিয়াদের আসামী করতে চায়। এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এলাকার মানুষের ধারণা কারো দ্বারা প্রভাবিত হয়ে মেয়েটি তাদের আসামী করতে চাচ্ছে। সম্প্রতি আব্দুল গনি হঠাৎ করেই বাড়িঘর বিক্রি করে দিয়েছে। শুনেছি হবিগঞ্জ শহরে কোথাও জায়গা কিনেছে। কোন নিরিহ, নিরপরাধ মানুষ যেন এমন একটি চাঞ্চল্যকর মামলায় অবিচারের শিকার না হয় আমি সে দাবিটুকু জানাই।
মহিলা ইউপি সদস্য ফুলমা রানী দেবকে আসামী আব্দুল গনি সম্পর্কে জিজ্ঞেস করতেই বলেন, আমি নিরিহ মানুষ। এ বিষয়টি নিয়ে তেমন কিছু বলতে চাইনা। তবে ইশারায়তো বুঝতেই পারছেন আসল ঘটনাটি কি। তিনি বলেন, তবে আমার দাবি এলাকার কোন নির্দোশ মানুষ যেন হত্যার মতো গুরুতর অপরাধের মামলায় হয়রাণি না হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর রাজিব কুমার দাশ জানান, মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করেন বাদি। এর মধ্যে একজন আসামীর (৯নং আসামী আব্দুন নূর) বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমার কোন রেকর্ড পাওয়া যায়নি। এছাড়া অন্য আসামীদের প্রায় সবার সাথেই আব্দুল গনির একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকেই নিহতের সতীনের ভাই আব্দুল গনিই মূলত মামলাটি পরিচালনা করছেন। বাদি নিহতের মেয়ে হলেও সে শুধু কাগজেই ছিল। তদন্তকালে গনির কাছে নূরকে কেন আসামী করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সে অত্যন্ত দুষ্ট। সে সব ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে। তাই তাকে আসামী করা হয়েছে।
তিনি বলেন, আমাদের সন্দেহ হয় শুধু একটি লোক দুষ্ট তাই তাকে হত্যা মামলায় আসামী করা হয়েছে। এটি হতে পারেনা। এরপর নূরকে গ্রেফতার করি। তখন আমরা জানতে পারি নূর একজন দৈনিক মজুরী ভিত্তিক শ্রমিক। তাকে ধরার পরই আসলে মামলার মোর ঘুরে যায়। সে ১৬৪ ধারায় জবানবন্দিতে আদালতকে জানায়, হত্যাকান্ডের ঘটনাটি সে দেখে ফেলেছিল। তাই তাকে আসামী করা হয়েছে। পরবর্তীতে অধিকতর তদন্ত করে আব্দুল গনিকে গ্রেফতার করি।
তিনি বলেন, এখন যেহেতু বাদিকে গনির ছেলে বিয়ে করেছে, সে সুযোগটাই নিচ্ছে গনি। বাদিকে দিয়ে মামলাটি প্রভাবিত করার চেষ্টা করছে। মামলার তদন্তও প্রায় শেষ পর্যায়ে। এখন এ নিয়ে প্রশ্ন উঠা খুবই দুঃখজনক।
অনুসন্ধানে জানা যায়, কাজিহাটা গ্রামের বাসিন্দা জসিম মিয়ার প্রথম স্ত্রী নাজমা আক্তার। তার একমাত্র সন্তান নার্গিস আক্তার। বেশ কয়েক বছর ধরেই নার্গিসের প্রেমের সম্পর্ক ছিল সৎ মামা আব্দুল গনির ছেলের সাথে। এদিকে গনির সাথে নানা কারণে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল একই গ্রামের বাসিন্দা তার বোনের দেবর তোরাব আলী ও সেলিম মিয়ার। তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। গত বছরের ২০ অক্টোবর বাড়ির পাশ^র্বর্তী একটি বাঁশঝাড়ে নাজমার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তার মেয়ে নার্গিস আক্তার বাদি হয়ে তার চাচাসহ ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। শুরু থেকেই মামলার নিয়ন্ত্রণ ছিল নিহতের সতীনের ভাই আব্দুল গনির হাতে। আসামী নির্ধারণ থেকে সব কিছুই তিনি করেছেন। অথচ নাজমার আপন ভাই থাকলেও তাকে ভিড়তে দেয়া হয়নি এসবের ধারে কাছেও। এ অবস্থায় অনেকটা নিরবেই বাড়ি বিক্রি করে দেন আব্দুল গনি। মামলার বাদি বোনের সতীনের মেয়ে নার্গিসকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছেন বলেও এলাকায় চাউর হয়েছে। এতেই মামলার পুরো নিয়ন্ত্রণ চলে যায় তার হাতে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই বলছে, নিহতের সুরতহাল রিপোর্ট করার সময় তার শরীর ও গায়ের কাপড় ভেজা ছিল। তার শরীরে কোন রক্ত ছিলনা। অনেকটা দেখাতে গোসল করানোর মতো। তার গলায় কাটা দাগ পাওয়া যায়। মামলাটির তদন্তও প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যেই সব ক্লু বেরিয়ে এসেছে। খুব শীঘ্রই চার্জশিট প্রদান করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









