রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়া এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধের অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।
গত ৯ মে ‘দৈনিক এদিন’ পত্রিকায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম।
দীর্ঘ প্রায় ২৭-২৮ বছর ধরে ব্যবহৃত ১২ ফুট প্রশস্ত ও ১ হাজার ২০০ গজ দীর্ঘ এই রাস্তাটি সরকারি অর্থায়নে নির্মিত হয়েছিল। তবে গত ২৮ এপ্রিল স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে রাস্তার ওপর খুঁটি স্থাপন ও ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ ওঠে। এতে ওই এলাকার কয়েকশ পরিবার ও নির্মাণাধীন একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত অনিশ্চিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়।
তদন্তকালে সহকারী কমিশনার (ভূমি) উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং জানান যে, আগামী ২৩ মে জমির কাগজপত্র যাচাই ও মাপজোকের মাধ্যমে রাস্তার অবস্থান চূড়ান্ত করা হবে। জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের অধিকার রক্ষায় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। এ সময় ইউনিয়ন প্রশাসক, ইউপি সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী দ্রুত রাস্তাটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









