ময়মনসিংহের গৌরীপুরে ১৯ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াসিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ওই তরুণীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত ইয়াসিন ঘরে প্রবেশ করেন এবং ভয়ভীতি দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। সন্ধ্যায় স্বজনরা ফিরলে ভুক্তভোগী ইশারা-ইঙ্গিতে ঘটনার বিবরণ দেন। বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে পুলিশকে জানানো হয়।
গৌরীপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









