জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদে টিকটক ভিডিও তৈরির অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রীকে বহিষ্কার করেছে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিকেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর টিকটক ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের সুনাম রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা বজায় রাখার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কোনো কোনো শিক্ষার্থী এই সিদ্ধান্তকে অতিরিক্ত কঠোর বলে মন্তব্য করেছে।
এদিকে, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, বহিষ্কারের বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আগে জানায়নি। তিনি মনে করেন, শিক্ষার্থীকে সরাসরি বহিষ্কার না করে বুঝিয়ে সংশোধন করা যেত। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









