চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩ লক্ষ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। মঙ্গলবার (১২ মে) রাত ১২টা ৪৫ মিনিটে সদর থানার সূর্যনারায়ণপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালায়। জব্দকৃত গরুগুলো ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের মোট ১২টি গরু জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে দুর্গম এলাকা ও নদীপথে বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









