পটুয়াখালীর দশমিনায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ বাবলু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাবলু ওই এলাকার মৃত আব্দুল ছোবাহান মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাছুয়াখালী বড় মল্লিক বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রিরত অবস্থায় বাবলুকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর তল্লাশি চালিয়ে নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









