রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় ভুল সময় লেখার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এটি তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুজ্জামান সকাল ৯টা ২৬ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত হন। তবে সাংবাদিকদের উপস্থিতির মধ্যেই তিনি হাজিরা খাতায় আগমনের সময় সকাল ৯টা লিখে স্বাক্ষর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের উপস্থিতি খাতা অনুযায়ী সেখানে চারজন শিক্ষক কর্মরত থাকলেও ওই সময় উপস্থিত ছিলেন মাত্র দুজন শিক্ষক। সহকারী শিক্ষক হিরন্ময় বর্মণ ও রুমান আহমেদ সময়মতো বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। অপর সহকারী শিক্ষক রেহেনা বেগম সন্তানের হাম টিকা দেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে মৌখিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজনের ভাষ্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়ি বিদ্যালয়ের কাছাকাছি হলেও তিনি প্রায়ই দেরিতে আসেন। এ কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও ব্যাহত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমান আহমেদ মুঠোফোনে সাংবাদিক উপস্থিতির খবর পৌঁছানোর পরপরই প্রধান শিক্ষক দ্রুত বিদ্যালয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুজ্জামান বলেন, “সকালে গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে তিনি সময়মতো বিদ্যালয়ে আসতে পারেননি।”
পরে বক্তব্য দিতে অনাগ্রহ প্রকাশ করে তিনি বলেন, “আমার কোনো কিছু বলার নেই।”
এ বিষয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেশব চন্দ্র বলেন, “বিষয়টি আমি অবগত হয়েছি। এ নিয়ে দ্রুত কথা বলা হবে।”
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন শায়লা সাঈদ বলেন, “আমি নিজে সকাল ৯টার মধ্যেই অফিসে আসি। শিক্ষকদেরও সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বারবার বলা হয়। তারপরও তিনি দেরিতে আসেন বলে অভিযোগ পাচ্ছি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









