বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে (৫৬) আটক করেছে কোস্টগার্ড। এ সময় তার সাথে থাকা দুটি বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ভোরে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট ক্যাম্প সংলগ্ন কালীর খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে কোস্টগার্ড সূত্র নিশ্চিত করেছে।
আটক বনদস্যু বাহিনী প্রধান জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী এলাকার বাসিন্দা ।
মঙ্গলবার (১২ মে) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন মংলা কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে লেফটেন্যান্ট ইকরা মুহাম্মদ নাফিস জানান, সুন্দরবনের দস্যু দমনে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশে “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” ও “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” পরিচালিত হচ্ছে। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড -এর আওতায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু সরদার মেজ জাহাঙ্গীরকে আটক করে। এ সময় তার সাথে থাকা দুটি এক নলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটককৃত বনদস্যুবাহিনী প্রধান জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সুন্দরবনে সশস্ত্র দস্যুতা ও জেলেদের অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।
সুন্দরবনের দস্যু দমনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









