আবারও রক্তাক্ত সীমান্ত। লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার রাত ২টার দিকে উপজেলার আমঝোল সীমান্তের বনচৌকি বিওপি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, বুধবার গভীর রাতে সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর কাছে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি অবস্থান করছিলেন। এ সময় ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।
এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। সহযোগীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









