মৌলভীবাজারের বড়লেখায় একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে এ অভিযান পরিচালনা করে বড়লেখা থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার খান এন্টারপ্রাইজ থেকে কুরিয়ারের মাধ্যমে জিরাগুলো ঢাকার বাবুবাজার এলাকার আনিছ নামের এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। তবে চালানের বৈধ আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জব্দকৃত জিরা ভারতীয় এবং অবৈধভাবে দেশে আনা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। শিগগিরই মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং একজনকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









