রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকা থেকে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বিশেষ টহল চলাকালীন তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৪ মে) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন— বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মডেল টাউন এলাকার বাসিন্দা মো. ওবায়দুল হক রবিউল ইসলাম (৩০) এবং মো. নবীর হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার গভীর রাতে মডেল টাউন এলাকায় টহল দেওয়ার সময় ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, জনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় পুলিশ আইনের ৩৪ ধারায় তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশিতে কোনো মাদক বা অবৈধ সামগ্রী পাওয়া না গেলেও সন্দেহজনক আচরণের কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। বাঘাইছড়ি থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তায় তাদের এই নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









