নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘরে ঢুকে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গলাটিপে হত্যা করা হয়েছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, চার-পাঁচজনের একদল মুখোশধারী ঘরে ঢুকে গৃহকর্তাকে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কোনো ডাকাতির ঘটনা নয়। ডাকাতির নাটক সাজিয়ে দুর্বৃত্তরা ব্যবসায়ীকে হত্যা করেছে।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে একদল মুখোশধারী তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পরপরই তারা ঘরে ঢুকে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর শুরু করেন। এরপর শাহানাজ বেগমেরও হাত-পা ও গলা বেঁধে ঘরের চাবি ছিনিয়ে নেয়। এ সময় ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে তিনি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন ঘটনাস্থলে ডাকাতির কোনো প্রাথমিক চিহ্ন পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, “রহস্যজনক এ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সেখানে ডাকাতির কোনো সুনির্দিষ্ট চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









