বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের তাণ্ডব, ২ স্কেভেটরে অগ্নিসংযোগ

প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

আপডেট: ১৪ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

কুষ্টিয়ায় খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের তাণ্ডব, ২ স্কেভেটরে অগ্নিসংযোগ

কুষ্টিয়ার খোকসায় সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে নাশকতার উদ্দেশে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মোড়াগাছা এলাকায় চলমান একটি খাল খনন প্রকল্পে গভীর রাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত হামলা চালিয়ে দুটি চলন্ত স্কেভেটর (ভেকু) পুড়িয়ে দিয়েছে। এ সময় দুর্বৃত্তদের মারধরে প্রকল্পের পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (১৩ মে) দিবাগত রাতে খোকসা উপজেলার হেলিপট খানপুর এলাকায় খনন কাজ চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দেশীয় অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। তারা চালক ও সাধারণ কর্মীদের ওপর চড়াও হয়ে ব্যাপক মারধর শুরু করে। এতে পাঁচজন শ্রমিক আহত হন। হামলাকারীরা স্কেভেটরের ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেওয়ার পর সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ব্যবহৃত মোবাইল ফোনও ছিনিয়ে নেয় তারা।

জানা গেছে, গত ১৬ এপ্রিল খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় ২ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যর এই খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছিলেন আইনমন্ত্রী। ২ কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। আর মাত্র দুই দিন খনন কাজ চললেই প্রকল্পটি সম্পন্ন হওয়ার কথা ছিল। ঠিক এই সময়েই নাশকতার শিকার হলো প্রকল্পটি।

খবর পেয়ে খোকসা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “অস্ত্রধারী একদল দুর্বৃত্ত শ্রমিকদের ওপর হামলা চালিয়ে ভীতি সৃষ্টি করেছে এবং যন্ত্রাংশ লুট করে আগুন দিয়েছে। এটি স্পষ্টতই একটি পরিকল্পিত নাশকতা।”

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দোস্তোগার সাগর বলেন, “এ প্রকল্পের কাজ নিয়ে এলাকায় কারও সাথে কোনো বিরোধ ছিল না। কাজ প্রায় শেষ মুহূর্তে ছিল। আগুনে স্কেভেটর দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বড় ধরনের আর্থিক লোকসান হল।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

তিনি বলেন, “সরকারি উন্নয়ন প্রকল্পে এমন হামলা অত্যন্ত গুরুতর বিষয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

কু/কু/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.