শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

গবেষণা ও উদ্ভাবন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

আপডেট: ১৫ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

গবেষণা ও উদ্ভাবন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন অসম্ভব: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গবেষণা ও উদ্ভাবন ছাড়া টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমস্যার কার্যকর সমাধান দিতে পারে।

শুক্রবার (১৫ মে) সিলেটে বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যায়। কোথায় কীভাবে ব্যয় সাশ্রয় করা যাবে এবং উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে—এসব সমাধান গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমেই আসে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বিজ্ঞান মেলায় অংশগ্রহণ শুধু প্রতিযোগিতা নয়, এটি শেখার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কোনো প্রকল্প শেষ পর্যন্ত সফল না হলেও সেটি ব্যর্থতা নয়; বরং সেই অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান ভবিষ্যতের ভিত্তি তৈরি করে।”

তিনি উদাহরণ হিসেবে বলেন, “একসময় ডায়রিয়ার মতো রোগে হাজার হাজার মানুষের মৃত্যু হতো। পরে সহজ ও স্বল্প খরচের ওআরএস উদ্ভাবন মানুষের জীবন রক্ষায় বিপ্লব ঘটায়। এ ধরনের উদ্ভাবন গবেষণার গুরুত্বকে আরও স্পষ্ট করে।”

মন্ত্রী আরও বলেন, “দেশের কৃষিপণ্য সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে আলু ও পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ও গবেষণার ব্যবহার বাড়ানো গেলে অপচয় কমিয়ে অর্থনৈতিক ক্ষতি রোধ করা সম্ভব।”

তিনি বলেন, “বিজ্ঞানচর্চা একটি চলমান প্রক্রিয়া, যার কোনো শেষ নেই। নতুন নতুন সমস্যার সমাধান খুঁজতে হলে গবেষণার পথেই এগোতে হবে।”

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্কুল ও কলেজ পর্যায়ে বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান মেলার আয়োজন আরও জোরদার করতে হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটে।”

সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. রেজাই রাফিন সরকার, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

রা/সি/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.