নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাপায় শান্ত (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মশিনদা চরপাড়ার শামীমের ছেলে আকাশ (২২), তিনি মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন।
(১৬ মে) শনিবার দুপুরে পৌর সদরের গারিষাপাড়া সড়কের গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত উপজেলার দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে। তিনি কাছিকাটা বাজারে এজেন্ট ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও আকাশ মোটরসাইকেলে করে চাঁচকৈড় বাজারে যাচ্ছিলেন। পথে গোপালের মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৩৯৮৩) তাদের ধাক্কা দেয়। এতে শান্ত ট্রাকের চাকায় ঘটনাস্থলেই মারা যান। আহত আকাশকে স্থানীয়রা উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দুর্ঘটনার পর পুলিশ, ট্রাকসহ চালক শাহীনকে আটক করেছে। এদিকে ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে।
স্থানীয় ব্যবসায়ী মো. তারেক অভিযোগ করে বলেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিল। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি জানান।
এলাকাবাসীর দাবি, স্থানীয়ভাবে অনেক সময় হেলপাররা ট্রাক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মনে করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









