চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন গ্রেপ্তারকৃত তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে প্রায় দুই কেজি বিস্ফোরক দ্রব্য (গান পাউডার) ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সাংবাদিকদের ওপর হামলা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ছিলেন এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে মাদক ও বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকির পাড়া গ্রামের মৃত শহিদের ছেলে মো. রাব্বি (২৬), মৃত মনিরুর ইসলাম মনির ছেলে মো. সোহেল জিনজিরা (৩০) এবং একই উপজেলার পফেসরপাড়া গ্রামের সুমন আলির ছেলে মো. সুমিত আলিফ (২৪)।
পুলিশ জানায়, কবির গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে তারা নিয়মিত অবস্থান করতেন এবং সেখানে মাদক ও বিস্ফোরক সদৃশ বস্তু সংরক্ষণ করে রেখেছেন। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাতে ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে একটি লাল-সাদা রঙের শপিং ব্যাগ থেকে দুই কেজি বিস্ফোরক সদৃশ পদার্থ (গান পাউডার) এবং ১৫০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার অসীম ফিরোজ আরও জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট ল্যাবে পাঠানো হবে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









