দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় আধুনিক নাগরিক সুবিধা ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণে এক মাইলফলক অর্জিত হয়েছে। আরইউটিডিপি (জটঞউচ) প্রকল্পের আওতায় প্রায় ২১ কোটি টাকার দুটি মেগা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজগুলোর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ, জেড, এম রেজওয়ানুল হক।
জানা গেছে, উন্নয়নের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ২২, ৫০, ৫৬, ০৫২.৮৯ টাকা (বাইশ কোটি পঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন হাজার বাহান্ন টাকা ঊননব্বই পয়সা)। তবে প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটির চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে ২০,৮৪,০৫,৭৭২.৭০ টাকা (বিশ কোটি চুরাশি লক্ষ পাঁচ হাজার সাতশত বাহাত্তর টাকা সত্তর পয়সা)। মেসার্স আমিনুল হক (প্রাঃ) লিমেটেড এবং মোস্তাফিজুর রহমান (জেভি) নামক যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি বাস্তবায়ন করছে।
আগামী ১৫ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই মেগা প্রকল্পের আওতায় পার্বতীপুর পৌরসভায় মোট ৩৯৭৭ মিটার রাস্তা, ৩২৬১ মিটার ড্রেন এবং ৯২ মিটার ক্রস ড্রেন নির্মাণ করা হবে।
একই সাথে ড্রেনের ওপর আধুনিক ফুটপাত বা ওয়াকওয়ে তৈরি করা হবে। প্রকল্প দুটি হলো কালীবাড়ী মোড় হতে নামাপাড়া ও পোড়াভিটা হয়ে মুসাহারপাড়া পর্যন্ত ১৭०० মিটার রাস্তা, ১৫৩৭ মিটার ড্রেন এবং ৫০ মিটার ক্রস ড্রেন নির্মাণ।
সুন্দরী পাড়া মোড় হতে বৃত্তিপাড়া হয়ে বাইপাস (হাতির মোড়) পর্যন্ত ২২৭৭ মিটার রাস্তা, ১৭২৪ মিটার ড্রেন এবং ৪২ মিটার ক্রস ড্রেন নির্মাণ।
পৌরসভার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সাদ্দাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সাব্বির আলম খান, উপ-সহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, এবং কর আদায়কারী মেজবাউল হক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পৌরসভার এই দুটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা ভোগান্তি পোহাচ্ছিলেন। সড়ক ও ড্রেন দুটি নির্মিত হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে পরিবর্তন আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









