বরগুনার পাথরঘাটায় গাছ কাটা নিয়ে বিরোধের জেরে চাঞ্চল্যকর আলম ফিডার হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বেলায়েতকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
গত রবিবার (১৭ মে) রাতে বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত বেলায়েত বরগুনা জেলার পাথরঘাটা থানার চর লাঠিমারা এলাকার মো. নিজামের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, জমি ও গাছ কাটা নিয়ে বেলায়েতের পরিবারের সাথে আলম ফিডারের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১০ মে উভয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বেলায়েত ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে আলম ফিডারকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় প্রতিবেশীদের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় আলম ফিডারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ মে তিনি মারা যান। এই হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি বেলায়েত পলাতক ছিলেন।
র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









