“ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ”—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে অনুষ্ঠিত হয়ে গেল ‘চাকুরি মেলা ২০২৬’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এই মেলায় ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীকে দেওয়া হয়েছে তাৎক্ষণিক নিয়োগপত্র।
সোমবার সকালে আরডিআরএস বাংলাদেশ-এর আদিতমারী সাপ্টিবাড়ি ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে তরুণ ও দক্ষ চাকরিপ্রার্থীদের পদচারণায়। লক্ষ্য—কভিড-১৯ পরবর্তী সময়ে অনানুষ্ঠানিক খাতের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাকুরী মেলার শুভ উদ্বোধন করেন লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব মুহাঃ রাশেদুল হক প্ৰধান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় RAISE প্রকল্পের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন। মেলায় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো সরাসরি সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চাকুরীর নিশ্চয়তা প্রদান করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক (ক্ষুদ্রঋণ পূর্ব) জনাব মোঃ রফিকুল ইসলাম এবং লালমনিরহাটের আঞ্চলিক ব্যবস্থাপক।
সুবিধাভোগী শিক্ষার্থী জাকারিয়া বলেন, "আমি ৬ মাসের দক্ষতা প্রশিক্ষণ নিয়ে আজ এখান থেকেই চাকুরীর অফার পেলাম। আমার পরিবার এখন থেকে অনেক স্বচ্ছল হবে।"
জেলা প্রশাসক বলেন "এই প্রকল্পের মাধ্যমে পিছিয়ে পড়া তরুণরা আজ দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে, যা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে। "
উল্লেখ্য, আরডিআরএস বাংলাদেশ RAISE প্রকল্পের আওতায় সারাদেশে ৮৯টি সহযোগী সংস্থার মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে। ইতোমধ্যে ১০০০ জন কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাকে ঝুঁকি ব্যাবস্থাপনা প্রশিক্ষণ, ১৭৪১ জন পিছিয়ে পড়া তরুণকে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাবসায় ব্যবস্থাপনা প্রশিক্ষণ এবং ১১৩৭ জন শিক্ষানবিশকে বিভিন্ন ট্রেডে ৬ মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষণের সুফল হিসেবে বর্তমানে অনেক তরুণ মাসিক ৮ হাজার থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন।
বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের চাকুরীর মেলা এক অনন্য দৃষ্টান্ত। প্রশিক্ষিত এই তরুণরাই আগামীর বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করবে—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









