সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা আমিনুর রহমান (৪৫) নামে এক জেলে সুন্দরবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি আকসেদ গাজীর ছেলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক, ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের বাটলো এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফেরেন তার সহকর্মীরা।
আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজান জানান, তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। রবিবার (১৭ মে) রাতে তারা যখন ঘুমিয়ে পড়েন, তখন তাদের নৌকা বাতাসের কারণে নদী পার হয়ে অভয়ারণ্য এলাকায় চলে যায়। আজ সকাল ৭টার দিকে সেখান থেকে ফেরার সময় বন বিভাগের স্মার্ট প্যাট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করেন।
এদিকে বনবিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বনবিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, বিষয়টি ইতোমধ্যে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানাকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, ‘‘বন বিভাগ আমাকে আশ্বস্ত করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
তবে এ ঘটনায় বন বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ‘‘গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









