মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সেই বিশ্ব ক্রিকেটে বিরল এক কীর্তি গড়েছেন ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। শনিবার ২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহার দলের নেতৃত্ব দিতে নেমে এই কীর্তি গড়েন বৈভব।
ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের প্রথম ম্যাচে অধিনায়কত্ব করেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার রেকর্ডটি ছিল ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের দখলে। ১৭ বছর ৩১১ দিন বয়সে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। এবার প্রায় দুই বছর কম বয়সেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বৈভব।
ক্যারিয়ারে এটি বৈভবের আরেকটি উল্লেখযোগ্য অর্জন। ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেকের মাত্র পাঁচ মাসের মাথায় অধিনায়কত্বের বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০২৬ সালের শুরুতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ব্যাটার।
সৌরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের পর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে আর মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বৈভব। এরপর ভারতের ‘এ’ দলের হয়ে এসিসি রাইজিং স্টার্স প্রতিযোগিতায় অংশ নিতে দোহায় যাবেন তিনি। আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতা হবে ৫০ ওভারের।
ভারতের হয়ে সর্বশেষ নিউজিল্যান্ড সফরেও খেলেছেন বৈভব। সেখানে অভিষেক শর্মার সঙ্গে মাত্র ৭.১ ওভারে ১৩৩ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি। ওই জুটিতে বৈভবের অবদান ছিল ১৯ বলে ৪৫ রান। পাঁচ ম্যাচের সিরিজে দুটি টি-টোয়েন্টি খেলে ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জেতে।
শনিবারের ম্যাচটি ছিল বিহারের হয়ে বৈভবের অষ্টম টি-টোয়েন্টি। সব মিলিয়ে এটি তার ৪৪তম ম্যাচ। এর মধ্যে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ২৩টি ম্যাচ। এর আগে গত বছরের নভেম্বরে এসিসি রাইজিং স্টার্স প্রতিযোগিতায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। ওই ইনিংসের সুবাদে ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন বৈভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








