দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার (৪ জুন)।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন সকাল ১০টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
এর আগে গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। এতে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে।
ইউনিয়ন ও পৌরসভা পর্যায় থেকে শুরু হয়ে উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয় ধাপ পেরিয়ে গত ২৩ মে বিভাগীয় পর্যায়ের খেলা শেষ হয়।
জাতীয় পর্যায়ে দেশের ৮ বিভাগের চ্যাম্পিয়ন ৮টি বালক ও ৮টি বালিকা দলসহ মোট ১৬টি দল অংশ নিচ্ছে। এই পর্বের মধ্য দিয়েই টুর্নামেন্টের চূড়ান্ত লড়াই শুরু হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









