হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী তৃতীয় দিনের মত বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই কলেজের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে সামনে বিক্ষোভ করতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী তোফায়েল আহমেদ, রাফাত রেজা আকাশ, সুরাইয়া আক্তার স্মৃতিসহ অনেকেই।
গত রবিবার (২১ জুন) থেকে ক্লাস বর্জন করে এসব দাবিতে বিক্ষোভ করে আসছে এই মেডিকেলের শিক্ষার্থীরা।
মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে টানা এক ঘন্টারও বেশি সময় কথা হয়। একাডেমিক ভবনের তালা খুলে দেওয়ার জন্য শিক্ষকদের পক্ষ থেকে বারংবার বলা হলেও শিক্ষার্থীরা তাদের কর্মসূচিতে অটল রয়েছেন।
এদিকে, স্বাস্থ্য বিভাগের এডিজি’র সাথেও ফোনে প্রায় আধ ঘন্টারও বেশি সময় কথা হয়। এডিজি’র পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। ফলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আগামীকাল বুধবার সুনামগঞ্জের সচেতন নাগরিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









