ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট বাবা ও ভাইকে বাঁচাতে গিয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন তাদের বাবা আলম বক্তার।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আবদুর রহিম (৪০) ও রাকিব (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। বৃহস্পতিবার সকালে আলম বক্তার তার তিন ছেলেকে নিয়ে শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। এ সময় বিদ্যুতের একটি ছেঁড়া তার সরাতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার। তাকে বাঁচাতে গাছের নিচে থাকা ছেলে রাকিব এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছে থাকা আরেক ছেলে রহিম বাবা ও ভাইকে বাঁচাতে নিচে নেমে বিদ্যুতের সংস্পর্শে আসেন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা আলম বক্তার সামান্য আহত হয়ে বেঁচে যান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









