বাংলা কনটেন্টকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে নেটফ্লিক্সের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই। এই চুক্তির আওতায় আগামী দুই বছরে হইচইয়ের নির্বাচিত জনপ্রিয় সিরিজ ও নতুন অরিজিনাল কনটেন্ট হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় উপভোগ করতে পারবেন দর্শকেরা।
এই উদ্যোগের অংশ হিসেবে নেটফ্লিক্সের গ্লোবাল ক্যাটালগে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের আলোচিত দুটি প্রযোজনা। এর মধ্যে রয়েছে আশফাক নিপুণ পরিচালিত থ্রিলার সিরিজ ‘মহানগর’ এবং অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’ (শাদী কা সিয়াপ্পা)। এর ফলে বাংলাদেশের ওয়েব কনটেন্ট আন্তর্জাতিক পরিসরে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
বাংলাদেশের এই দুই প্রযোজনার পাশাপাশি হইচইয়ের তালিকা থেকে আরও বেশ কিছু সিরিজ ও সিনেমা যুক্ত হবে নেটফ্লিক্সে। তালিকায় রয়েছে ‘ম্যাডাম ইন্সপেক্টর’, ‘সম্পূর্ণা’, ‘লজ্জা’, ‘একেন’, ‘অজানা ছায়া’, ‘দ্য কার্স অব পারনাশাবাড়ী’, ‘ব্লাডলাইনস’, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব দাদি অ্যান্ড জাগগা’, ‘রাত অভি বাকী হ্যায়’, ‘অচিন্ত্য: ট্রায়াল বাই ল’জ’, ‘কুইন্স’ ও ‘পরিণীতা: এ লাভ স্টোরি’।
চুক্তি অনুযায়ী, হইচইয়ের নতুন অরিজিনাল কনটেন্ট নিজস্ব প্ল্যাটফর্মে মুক্তির পাশাপাশি নেটফ্লিক্সেও হিন্দি, তামিল ও তেলুগু ডাবিংয়ে প্রকাশ করা হবে। এ উদ্যোগের প্রথম দিকের আকর্ষণগুলোর মধ্যে রয়েছে লোককথানির্ভর হরর সিরিজ ‘দ্য কার্সড টেম্পল অব কৌরিবুড়ি’। জিতু কামাল, শোলাঙ্কি রায় ও পাওলি দাম অভিনীত সিরিজটি আগামী ৬ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এদিকে, এই অংশীদারিত্বের আওতায় হইচই স্টুডিওর প্রযোজনায় নতুন কিছু অরিজিনাল সিরিজও নির্মিত হবে। এসব প্রযোজনায় জনপ্রিয় গল্পগুলোকে নতুন আঙ্গিকে ও ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। নতুন সিরিজগুলোর বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নেটফ্লিক্সের সঙ্গে এই সহযোগিতার ফলে বাংলা ভাষার গল্পের পাশাপাশি বাংলাদেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের কাজও আন্তর্জাতিক দর্শকের সামনে আরও বড় পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









