রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং রমনা বিভাগ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করেছে আরও দুজনকে। অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে বিভিন্ন আলামতের পাশাপাশি মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ কেজি গাঁজা ও ১ হাজার ৫০৬ পিস ইয়াবা। এ ছাড়া চারটি মোবাইল ফোন ও চারটি চাকু জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









