দেশের সব সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত কর্মঘণ্টা অনুযায়ী নিয়মিত ও সময়মতো কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রবিবার (১২ জুলাই) মাউশির উপপরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।
নোটিশে বলা হয়েছে, দেশের সব সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
মাউশি জানায়, সরকারি কলেজগুলোর প্রচলিত কর্মঘণ্টা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এ নিয়ম যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও নির্দেশ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কলেজে শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সময়মতো উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









